Monday, July 19, 2010

ক্রন্দসী

ক্রন্দসী বলে সত্যিকারে যদি কোন কিছু থেকে থাকে তবে তার পারফেক্ট উদাহরণ হচ্ছে আমার ফুপাতো বোন মাহমুদা আপা।এই মহিলার চোখে সবসময় পানি টলমল করে। তুচ্ছ সব বিষয়ে যখন আপা কাঁদেন মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে।একটা উদাহরন দিচ্ছি।বড় আপার বিয়ে ঠিক হল, কিছুই হয়নি শুধু কথাবার্তা ফাইনাল, মাহমুদা আপার কান্না দেখে কে? আপুকে জড়িয়ে ধরে সেকি কান্না। আমি তাকে বোঝাচ্ছি "শুধু তো বিয়ের কথাবার্তা ঠিক হল, আপা তো এখনো বাড়িতেই আছে, তুমি কাদঁছ কেন? কি আশ্চর্য!"

আরেকদিনের কথা বলি। আমার মেট্রিকের রেজাল্ট দিল।রেজাল্টে সবাই খুশি (এই ফাঁকে একটা কথা বলার লোভ সামলাতে পারছিনা, আমার মেট্রিকের রেজাল্ট খুবই ভাল ছিল, মফস্বলে আমাদের ছোট্ট বাসায় দেশের সবচেয়ে বড় পত্রিকার সাংবাদিক উপস্থিত হবার মত ভাল রেজাল্ট)। রেজাল্ট আউটের পরে আমি আর আম্মু ফুপুর বাসায় গেলাম মিষ্টি নিয়ে। আপা বাসার পাশেই একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন।আপাকে না পেয়ে আমি স্কুলে চলে গেলাম।(সরকারি স্কুলে তখন যখন খুশি তখনই যে কেউ ক্লাসে ঢুকে শিক্ষকের সাথে দেখা করতে পারত, এখন পারে নাকি জানি না)। খুজঁতে খুঁজতে আপাকে পাওয়া গেল ওয়ানের ক্লাসরুমে। আমার রেজাল্টের কথা উনিই আগেই শুলেছিলেন, আমাকে দেখে ক্লাসরুমেই জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আশেপাশের পিচ্চি শিক্ষার্থীরা চোখ বড় বড় করে তাদের টিচারকে দেখছে শাড়ির আচলে চোখ মুছছে... আমি চাপা গলায় তাকে বলছি, "কান্না কাটি বন্ধ করো তো মাহমুদা আপা। তোমার সব স্টুডেন্ট দেখছে।" আপা আরেকবার আঁচলে চোখ মুখে শুধু বল্লঃ "দেখুক"।

আরেক দিনের গল্প। মাহমুদা আপার ছোট বোনের বিয়ের দিনের ঘটনা। বিয়ের সব অনুষ্ঠান শেষ। কনেকে বিদায় দেবার পালা। মাহমুদা আপা কিছুতেই আপাকে ছাড়ছেন না। আপার হাত ধরে কেদেই চলছেন।বরের বাবা বাইরে বলছেন, "বেয়াই সাহেব দেরি হয়ে যাচ্ছে, কনে নিয়ে আমাদের যেতে দিতে হয়..."। শেষ পর্যন্ত আব্বা গিয়ে ধমক দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলেন।

ফুপুর শরীর অনেকদিন থেকে খারাপ। ক্রন্দসী মাহমুদা আপাকে নিয়ে বাসার সবারই চিন্তিত। মাহমুদার মন এত নরম, ফুপা ফুপু মারা গেলে ও কিভাবে থাকবে?(আপু বিয়ে করেননি, করবেনও না), কে তাকে সান্ত্বনা দিবে... এই সব। ফুপু মারা যাবার পর আমি একবার তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আহারে কি কান্না, কি কষ্ট, কত অসহায়ত্ব!

মাহমুদা আপার সাথে আর আমার দেখা হয়নি। সময় কোথায়?ইট-পাথরের এই কঠিন দুনিয়া কঠিন হৃদয়ের সব মানুষের জন্য, ক্রন্দসী মাহমুদা আপার জায়গা এখানে নেই।